টানা তিনটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজে হারের হতাশা পেছনে ফেলে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। এই তিন সিরিজের নয় ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে।
সেই বৃত্ত ভাঙার লক্ষ্যেই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদী হাসান মিরাজের দল।
সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। আজ ওয়ানডে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, যিনি ওপেন করবেন সাইফ হাসানের সঙ্গে। একাদশে আছেন তাওহীদ হৃদয়ও। বাদ পড়েছেন জাকের আলী। পেস আক্রমণে রয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
মিরপুরের উইকেট নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। এবার উইকেট প্রস্তুতের দায়িত্বে আনা হয়েছে টমি হেমিংকে, যিনি গামিনি ডি সিলভার স্থলাভিষিক্ত।
তিনি বানিয়েছেন কালো মাটির উইকেট, যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। হেমিংয়ের ভাষ্য অনুযায়ী, উইকেট স্পিন সহায়ক—এই বিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামিও উইকেট দেখে কিছুটা চমকেছেন। তাঁর মন্তব্য, ‘এমন উইকেট আগে দেখিনি।’ তবে ধারণা করছেন, উপমহাদেশের অন্যান্য উইকেটের মতোই এটি স্পিনবান্ধব হবে।
ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচে খেলছে পেস অলরাউন্ডার নির্ভর একাদশ নিয়ে। রোমারিও শেইফার্ড, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস—তিনজনই পেস অলরাউন্ডার।
স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন রোস্টন চেজ, সঙ্গে রয়েছেন নিয়মিত স্পিনার গুডাকেশ মোতি। পেস আক্রমণে আরও রয়েছেন জাইডেন সিলস ও খেরি পেরি।
ব্যাটিংয়ে ওপেন করবেন ব্রেন্ডন কিং ও আলিস আথানজে। তিনে কেসি কার্টি ও চার নম্বরে খেলবেন অধিনায়ক শেই হোপ।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, খেরি পেরি।

