কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউদাউ করে জ্বলছে আগুন।
স্থানীয়রাদের শৌরচিৎকারে পুরো ইউনিয়নের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম খোকন।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ-সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
তবে বিদ্যুৎ প্রকল্প এলাকার ভেতরে প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকায় আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুন্নবী জানান, বিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে হঠাৎ ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত ১১টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করে।’

