চট্টগ্রামের বহুল পরিচিত দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিচালক, বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন মারা গেছেন।
গতকাল বুধবার (১৪ জানুয়ার) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন দীর্ঘদিন ধর্মীয়, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক ছাড়াও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা সহ সভাপতি, বাঁশখালী শতবর্ষী নিমকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সৎসঙ্গ চট্টগ্রামের সহ সভাপতি, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা, দক্ষিণ নালাপাড়ার পূজা উদযাপন পরিষদের সভাপতি, শতায়ুঙ্গন কর্ণফুলীসহ অন্তত অর্ধশতাধিক ধর্মীয়, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম।
তিনি নালাপাড়ার তার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জামায়াত নেতা আবুল মনসুর।
চট্টগ্রাম প্রতিদিনের শোক
দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিচালক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের মৃত্যুতে চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী, পরিচালক এ আর নাছির, নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বণিকসহ সকল সহকর্মী গভীর শোক জানিয়েছেন। তারা শোকাহত পরিবারের প্রতি ও সমবেদনা জানান।

