ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ধানমণ্ডি এলাকা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমণ্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইভ্যালীর এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

