25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজন নিহত ও আরও ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। নোয়াখালী জেলার বাসিন্দা পথচারী ফারুক।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন।

তিনি বলেন, মুরাদপুরে সংঘর্ষে আহত ১১ জনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগেই তারা মৃত্যু বরণ করেছে। আহত ৯ জন চমেকের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সারা দেশের মতো চট্টগ্রামে আজ সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন।

এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা পিছু হটেন। সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ–যুবলীগের মিছিলে একজনকে গুলি ছুড়তে দেখা যায়।

বিকেল ৫টা পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগকে হটিয়ে মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা গেছে।