27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসীতাকুণ্ডে এক ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে এক ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের কদমরসুল এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে অপর একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাকটির চালক মো. সেলিম (৩৩) মারা যায়। ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হয়েছেন হেলপার মো. রবিন (২০)।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত চালক ও আহত সহকারী উভয়েই বগুড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের কদমরসুল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আরেকটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়।

এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আটকা পড়া চালকের মরদেহ এবং আহত সহকারীকে উদ্ধার করে।

পরে আহত রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে চালকের মরদেহ এবং আহত সহকারীকে উদ্ধার করেছি।

আহত সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত চালকের মরদেহ বার আউলিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।