চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি পাহাড়ে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসি’র ছেলে লকু-ম, অক্ষয় সিং এর ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅ এর ছেলে চাইসাও এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু।
এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড এ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করে যৌথবাহিনী।
অভিযানে নেতৃত্ব দেয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আটক ৬ জনকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

