27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডশিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়াল সরকার

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়াল সরকার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

রোববার (১৯ অক্টোবর) উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, ৬ শর্ত পালন সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেয়া হবে। আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

শর্তগুলো হলো:
১. উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।

২. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং সরকারের সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা আদেশ বা পরিপত্র বা নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

৩. বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক বা কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

৪. ভাতা দেয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

৫. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবে।

৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।

প্রসঙ্গ, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা গত ৮ দিন যাবত আন্দোলন করছেন। শনিবারও (১৮ অক্টোবর) তারা আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল করেছেন।

আজ রোববার দুপুরে শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি হাতে ভুখা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরা।