কক্সবাজারের মহেশখালী উপজেলার মোহাম্মদ শাহ ঘোনা ও টেকপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড।
অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক অভিযানে এসব অস্ত্র উদ্ধারসহ তাদের আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।
আটককৃতরা হল- মোহাম্মদ আলী (৫০), মানিক (৩০), গিয়াস উদ্দিন (৪৫), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫০), সবুজ (২৮), আতিকুর রহমান (৩৫), রিজওয়ান (২৯) ও নাজেম উদ্দিন (৩৬)। আটক সবাই মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
অভিযানের পর গতকাল রাত ১০দিকে এক সংবাদ ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, কালারমারছড়া এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র একটি গ্রুপ স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করে রেখেছিল।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাতে থানায় সোপর্দ করেছে। আজ রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

