চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কোর্টবিল্ডিংস্থ এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, এখানে সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ১৭টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, এ এলাকায় প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারি জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠে।
এসব অবৈধ স্থাপনার কারণে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গণে উঠানামার রাস্তাটি সরু হয়ে আসছে।
ফলে স্থাপনাগুলো উচ্ছেদের উদ্দ্যেগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ ছোট বড় ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেতিনি জানান।

