চট্টগ্রামে ডেঙ্গু, করোনা ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের জন্য করণীয় এবং রক্তদানের প্রতি সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে জনসেবামূলক নানান কর্মসূচি পালন করে আসছে আলোর দিশা ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠন।
তারই অংশ হিসেবে গত শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম নগরীর ফরিদের পাড়া মসজিদ, খতিবের হাট মসজিদ, বহদ্দারহার মসজিদ, অভয়মিত্রঘাট মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, মনোহরখালী মসজিদ, ফিরিঙ্গিবাজার মসজিদ, আলকরণ মসজিদ ও ব্রীজঘাটা মসজিদে জুমার নামাজের পর জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি এবং রক্তদানের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
তাছাড়া পরদিন শনিবার (১৯ জুলাই) নগরীর নিউমার্কেট, গোলাম রসুল মার্কেট, রিয়াজউদ্দীন বাজার, স্টেশন রোড ও ফলমন্ডি চত্বরেও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং রক্তদানের উপকারিতা তুলে ধরে প্রকাশিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন সংগঠনটির নেতা-কর্মীরা।
গেল দুদিন ধরে পালন করা এসব কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি জানান, “বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, আবার অনেকেই এখনো করোনা সম্পর্কে উদাসীন।
অন্যদিকে, হাসপাতালগুলোতে রক্তের ঘাটতি তৈরি হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে আমরা একযোগে এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছি।”
কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবক সানজিদ, মিরাজ, ফখরুল, তাহামিম, আদিফ, সামির, আবু রাশেদ, তুহিন, জাহিদ, সিয়াম, আবির, হামিদ, জাকারিয়া আলম, সিয়াম, রাহাত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় তারা জনগণকে ঘরের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং নিয়মিত রক্তদানে আগ্রহী হওয়ার পরামর্শ দেন।
সচেতনতামূলক এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

