কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে তার মৃত্যু হয়।
নিহত শিহাব পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেকগুলদী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব নিজস্ব মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে পেকুয়ার দিকে যাচ্ছিলেন। মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি।
মাথায় ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। তার বাইকটি ছিটকে প্রায় ১৫০ গজ দূরে গিয়ে একটি পুকুরপাড়ে পড়ে যায়।
নিহতের ভাই ইকবাল মোহাম্মদ সাকিব বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ভাইকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা এখনো নিশ্চিত নই। তবে বাইকটি আমার নিজের ছিল।”
পেকুয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”
হারবাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিহাবের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে হেফাজতে নেয়।
জেএন/পিআর

